হবিগঞ্জে ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ঘটিত অপ্রীতিকর ঘটনা ও দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেছেন, এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির ভেতরের সুপ্ত স্বৈরতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হবিগঞ্জে গত দুই দিনের পরিস্থিতি কেবল রাজনৈতিক উত্তেজনা নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির সংসদ সদস্য ও উচ্চনেতারা যখন হবিগঞ্জে যাচ্ছিলেন, তখন যেভাবে বিভিন্ন পয়েন্টে তাদের গতিরোধ করা হয়েছে তাতে ফ্যাসিবাদী আমলের অপকৌশলেরই পুনঃমঞ্চায়ন দেখছে জাতি। ২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে এত রক্তের আত্মত্যাগের পরও এমন রাজনৈতিক অসহিষ্ণুতা অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী পতনের পরও এই ধরনের আচরণ প্রমাণ করে যে দলটি অতীতের জবরদস্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। বিরোধী মতের প্রতি সহনশীলতা প্রদর্শন এবং দমনপীড়নের পথ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সহিষ্ণুতা ফিরিয়ে আনার মূল দায়িত্ব সরকারের। বিরোধীদের কঠোরহস্তে দমনের পরিবর্তে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মোকাবিলা না করলে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে দূরত্ব তৈরি হবে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
মন্তব্য করুন