বাবার মৃত্যুর পর চরম শোক ও অর্থসংকট মাথায় নিয়ে রাতে এটিএম বুথে ডিউটি এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী বাগেরহাটের সেই শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা পাঠানোর পাশাপাশি তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। মন্ত্রীর এমন মানবিক উদ্যোগে চরম দুর্দিনে থাকা ইকন ও তার পরিবার নতুন করে বাঁচার ও স্বপ্ন পূরণের ভরসা খুঁজে পেয়েছে।
এর আগে ইকনের এই মর্মান্তিক সংগ্রামের গল্প সংবাদমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ভাইরাল হয়, যার ফলে দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ তার সাহায্যে এগিয়ে আসেন। পারিবারিক অসচ্ছলতা ও বই কেনার সামর্থ্য না থাকলেও কোরিয়ান ও চীনা ভাষা শিখে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা ইকন জানান, ভাই ভারসাম্যহীন ও একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারানোর পর তার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। তবে শিক্ষামন্ত্রীর এই প্রতিশ্রুতি ও সাধারণ মানুষের ভালোবাসায় তিনি নতুন করে সাহস ফিরে পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এইচএসসি পরীক্ষা শেষে ইকনের উচ্চশিক্ষার পথ সুগম করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন