সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন—লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রিমান্ড আবেদন পেশ করেন। এর আগে গত রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রাজধানীর পল্লবীর একটি বাসায় অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ নামের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক শীর্ষ কর্মকর্তা ও পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত ছিলেন। ঘটনার পেছনের মূল রহস্য উদ্ঘাটন, ডিজিটাল আলামত উদ্ধার এবং অবৈধ অর্থায়নের উৎস চিহ্নিত করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর হওয়া প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন