শরতের শুভ্রতা ও কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে চারদিক মুখরিত করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য রংপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মণ্ডপ কমিটিগুলো সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। রংপুর মহানগরসহ জেলার আটটি উপজেলায় এবার মোট ৯৬৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় বেশ উৎসাহব্যঞ্জক।
রংপুর পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ১৬৪টি এবং জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮০০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জে ১৬৫টি, মিঠাপুকুরে ১৫১টি, বদরগঞ্জে ১২৫টি, পীরগঞ্জে ১০০টি, গঙ্গাচড়ায় ৯৯টি, পীরগাড়ায় ৯১টি, সদরে ৯৪টি এবং কাউনিয়ায় ৭৫টি মণ্ডপ রয়েছে। সরকারি সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা পূজা শুরুর আগেই মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হবে।
উৎসবকে সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পূজা শুরুর আগ থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে। শাস্ত্র অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোটক বা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় চড়ে স্বর্গপানে প্রস্থান করবেন।
মন্তব্য করুন