আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধিত করেছেন ১ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটার। তারকাখচিত এই ড্রাফট তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার।
এপিএলের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। তাঁদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু বড় তারকাও ড্রাফটে অংশ নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি; ইংল্যান্ডের রিস টপলি, লুক উড ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিদু হাসারাঙ্গারা নাম লিখিয়েছেন এই আসরে।
পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর এই আসর। আর আগামী ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের মূল আসর শুরু হওয়ার কথা রয়েছে। এপিএলের মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা চূড়ান্ত হলেও বাকি দুটি ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী এখনো চূড়ান্ত না হওয়ায় ড্রাফটের তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন