বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্প কারখানায় ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারিত ছিল।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। গত জুন মাসের শেষে প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছিল এবং পরবর্তী দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমেছিল। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিয়মিত সামঞ্জস্য বজায় রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে এবার এক লাফে দাম প্রায় ১২ টাকা বাড়ানো হলো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের পূর্ণ এখতিয়ার এখন বিইআরসির হাতে রয়েছে এবং প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিলিয়ে নতুন দর ঘোষণা করছে কমিশন।
মন্তব্য করুন