দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিলেও দেশের আবহাওয়ায় বৃষ্টির প্রবণতা এখনো পুরোপুরি কেটে যায়নি। আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় আগামী ১৩ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টার আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মন্তব্য করুন