সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। নিরাপত্তা পরিষদের এই শক্ত অবস্থানকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা, নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য এ ধরনের লঙ্ঘন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুমোদন না নিয়ে গত ৩ জুলাই সানা এবং ১৩ জুলাই হোদেইদা বিমানবন্দরে বিমান অবতরণের ঘটনারও নিন্দা জানানো হয়েছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২২১৬ অনুযায়ী হুথিসহ নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও সত্তার কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি কিংবা হস্তান্তর নিষিদ্ধ করার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে ইউএনএসসি। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্তকারী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
মন্তব্য করুন