দেশের পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সামগ্রিক উন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, বঞ্চনা ও উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয় সবিস্তারে অবহিত করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার পাহাড় ও সমতলের প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজেদের অধিকার আদায়ে এই জনগোষ্ঠীর মানুষদের নিজেদেরই আরও বেশি উদ্যোগী ও সচেতন হতে হবে এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আইনি উপায়ে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কেটে ফেলার ন্যক্কারজনক ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু ও কিশোরদের আধুনিক শিক্ষার সুযোগ এবং শিক্ষার মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন রাষ্ট্রপতি। তাদের স্বকীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পরিমণ্ডলে আরও বেশি পরিচিত করে তোলার লক্ষে আগামী পহেলা বৈশাখে বঙ্গভবনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির শীর্ষ নেতারা। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন
মন্তব্য করুন