২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ও কালজয়ী সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নির্মাণের গুঞ্জনে অবশেষে সিলমোহর দিলেন নির্মাতা জোয়া আখতার। তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব এবং জীবনকে নতুনভাবে আবিষ্কারের গল্পটি সে সময় বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। সম্প্রতি মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা জানান, তারা বর্তমানে এই সিনেমার সিক্যুয়েলের গল্প নিয়ে কাজ করছেন।
জোয়া আখতার বলেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চরিত্রগুলোকে আবারও পর্দায় ফিরিয়ে আনা গেলে বিষয়টি দারুণ হবে। তবে ছবিটির মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, মূল সিনেমায় হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতারের পাশাপাশি ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন ও নাসিরুদ্দিন শাহের মতো তারকারা অভিনয় করেছিলেন। সম্প্রতি এই তিন অভিনেতাকে একটি বিজ্ঞাপনচিত্রে একত্রে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মাঝে সিক্যুয়েল নিয়ে প্রতীক্ষা তুঙ্গে পৌঁছেছিল, যা এখন বাস্তবে রূপ নেওয়ার পথে।
মন্তব্য করুন