বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল সোমবার (১৩ জুলাই) সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই শোক কর্মসূচি ঘোষণা করেন।
শোক দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং বিএনপির নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন। সংবাদ সম্মেলনে রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা ধানমণ্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস হিসেবে অভিহিত করে রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অভিভাবককে হারালো। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রিজভী বলেন, দেশের রাজনীতিতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এদিকে, সাম্প্রতিক টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী দলের সর্বস্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দুর্গত মানুষের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি ও অধ্যাপক আমিনুল হকসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন