ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে আবারও পূর্বের নাম অর্থাৎ ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার কাজ শুরু করেছে হল প্রশাসন। বুধবার দুপুরে হলের মূল ফটকে এই নাম পরিবর্তনের কাজ শুরু হয়। শিক্ষার্থীরা সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা ও বিভ্রান্তির কথা উল্লেখ করে মৌখিকভাবে আপত্তি জানানোর প্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী জানান, শিক্ষার্থীদের বারবার মৌখিক অনুরোধ ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে শিক্ষার্থীরা স্বউদ্যোগে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলে সেটির নামকরণ করেছিলেন ‘শহীদ ওসমান হাদি হল’। পরবর্তীতে ডাকসু নেতাদের দাবির মুখে গত ৮ জানুয়ারি সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের আনুষ্ঠানিক সুপারিশ করা হয়েছিল। তবে গত ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্ত হয়। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসনের এই পদক্ষেপে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন