চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় চোখে কালো কাপড় বেঁধে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়। প্রশাসনের দীর্ঘমেয়াদি নীরবতা ও উদাসীনতার তীব্র প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’ এবং নির্দিষ্ট উপাচার্য নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খানসহ অন্যান্যরা জানান, দীর্ঘ নয় দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও প্রশাসন কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন, যার ফলে পুরো চুয়েট ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
মন্তব্য করুন