উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে বড় ধরনের অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি উদ্যোগের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে, যার ঠিক অর্ধেক থাকবে সহজ শর্তের ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক থাকবে এককালীন অনুদান।
ঘোষিত নীতিমালা অনুযায়ী, এই বিশেষ প্যাকেজের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ। সবচেয়ে বড় সুবিধা হলো, এই ঋণের জন্য ব্যাংকগুলোকে কোনো ধরনের সহায়ক জামানত (কোলাটারাল) রাখতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং হিসাবটি খেলাপি হিসেবে গণ্য হবে, যার ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে যেকোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং তাকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা পরিচালনার পূর্বের কোনো অভিজ্ঞতার বাধ্যবাধকতা না থাকলেও আবেদনকারীকে একটি বাস্তবসম্মত ও লাভজনক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা খাত ও প্রযুক্তিভিত্তিক যেকোনো বৈধ উদ্যোগ এই কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে।
কর্মচারী ও ব্যাংক কর্মকর্তাদের প্রস্তুত করতে আগামী ১৬ সেপ্টেম্বর এই কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করা হবে এবং সার্কুলার জারির পর থেকে এক মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আটটি জেলা মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার মোট ৬৪টি উপজেলার প্রতিটিতে ১০ জন করে সর্বমোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তীতে এই কার্যক্রম সারা দেশের সকল উপজেলায় সম্প্রসারণ করে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে আর্থিক সহায়তা ও মেন্টরশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু অর্থায়নই নয়, নির্বাচিত তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, বিজনেস প্ল্যান তৈরি এবং বাজার সংযোগের সুযোগও প্রদান করবে বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য করুন