বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাভলী বেগম দীর্ঘ ৬-৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। স্থানীয় বিভিন্ন দোকান থেকে পান চেয়ে নিয়ে তিনি মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে সবার অগোচরে তিনি রেললাইনের ওপরে চলে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।