সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক নুরুল হক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। হাসনাতের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কামাল হোসেন।
এমএ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার প্রভাবশালী ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আইনি জটিলতা এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর এক নৃশংস হামলার ঘটনা ঘটে। ওই হামলায় গুরুতর আহত জহুর আহমদের ভাই এবং দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এই চাঞ্চল্যকর মামলাটিতে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও হাসনাত হোসাইনসহ আওয়ামী লীগের ৯৯ জন নেতাকর্মীকে নামধারী আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ আদালতে আত্মসমর্পণের পর জামিন না মেলায় কঠোর নিরাপত্তায় হাসনাতকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন