দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেট্রোরেল, সেতু ও রেলকোচ কিনতে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাইল বাংলাদেশ

০ শেয়ার
মেট্রোরেল, সেতু ও রেলকোচ কিনতে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাইল বাংলাদেশ
সংগৃহীত ছবি

ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। ২০২৩–২৭ মেয়াদে দুই দেশের ৩০০ কোটি ডলারের ইডিসিএফ ঋণ কাঠামোর আওতায় প্রকল্পগুলোতে অর্থায়নের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মেট্রোরেল, সেতু ও রেল যোগাযোগ খাতের তিনটি বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ।
  • প্রকল্পগুলো হলো ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনা।
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০২৩–২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তির আওতায় এসব প্রকল্পে অর্থায়নের সম্ভাবনা রয়েছে।

মেট্রোরেল, সেতু ও রেল যোগাযোগ খাতের তিনটি বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। প্রকল্পগুলো হলো ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০২৩–২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তির আওতায় এসব প্রকল্পে অর্থায়নের সম্ভাবনা রয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়া (কেক্সিম), কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশন (কেআইসি) এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের ইডিসিএফ কাঠামোগত চুক্তি রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ তহবিলের আওতায় ৩০টি প্রকল্পে ২৭৮ কোটি ডলারের ঋণ অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার কেক্সিমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হোয়াং কিয়নের সঙ্গে বৈঠকে ইডিসিএফের অবশিষ্ট অর্থ ব্যবহারে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেওয়ার প্রস্তাব করে বাংলাদেশ। জবাবে কেক্সিম জানায়, তহবিলের আওতায় অগ্রাধিকার প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেট্রোরেলসহ প্রস্তাবিত তিন প্রকল্পে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় উপমন্ত্রী চ্যাং হুর সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে তিনি দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত সমন্বিত প্রবৃদ্ধি ও উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগের মহাপরিকল্পনা প্রণয়নে দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তারও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে কোরীয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, বিকল্প অর্থায়ন, ভবিষ্যতে ইডিসিএফের সহযোগিতা এবং আইজিএনডি উদ্যোগে আরও বিস্তৃত অংশগ্রহণ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে।

কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের (কেআইসি) সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামোসহ বাণিজ্যিকভাবে লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে ১০০ থেকে ২০০ কোটি ডলারের বাংলাদেশ সার্বভৌম তহবিলকে বিনিয়োগের সম্ভাব্য মাধ্যম হিসেবে আলোচনায় আনা হয়। পাশাপাশি কোরীয় তহবিল ব্যবস্থাপকদের মাধ্যমে কেআইসির ইকুইটি বিনিয়োগের সঙ্গে কেক্সিমের অর্থায়ন যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। এলজি এআই রিসার্চের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার উপযোগী বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদনশিল্প ও সরকারি সেবায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

এ ছাড়া ইয়ংওনের আয়োজনে কোরীয় বিনিয়োগবিষয়ক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের হালকা প্রকৌশল ও যন্ত্রাংশ উৎপাদন খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। কোরীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে যৌথ উদ্যোগ গ্রহণ, প্রযুক্তি হস্তান্তর এবং কোরিয়ার মূল্য সংযোজনভিত্তিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশি সরবরাহকারীদের যুক্ত করার আহ্বান জানানো হয়।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভোজিনিয়ার খেলা মাঠে বসে দেখবেন তাঁর মা

2

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না: গালিবাফ

3

অনূর্ধ্ব-২০ দলের দুই কোচের হাতাহাতি: উজবেকিস্তান সফরের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি

4

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন

5

পূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া বন্ধ ও নিরাপদ যাতায়াতের দাবি

6

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ৩ ঘণ্টা সড়ক অবরোধ

7

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে মোদি বিরোধী আন্দোলনের ছক কষছে কংগ্রেস

8

মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ অস্বীকার জামায়াত নেতার

9

দীপিকার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে নতুন বিতর্ক ও তথ্য প্রকাশ

10

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াতে ইসলামী