অনিবার্য কারণ দেখিয়ে পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই সাথে বর্তমানে সাজেকে অবস্থানরত সকল পর্যটককে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে স্থানীয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হলে সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ার ফলে সেনা এসকর্টসহ দুই দিক থেকে আসা পর্যটকবাহী যানবাহন মাঝপথে আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যস্থতায় বিকেলে অবরোধ তুলে নেওয়া হলে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আটকে পড়া পর্যটকরা নিরাপদে বের হওয়ার সুযোগ পান।
যদিও পরিস্থিতি বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়েছিল, তবুও আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। হঠাৎ প্রশাসনিক এই নিষেধাজ্ঞার কারণে অনেক পর্যটককে তাদের পূর্বনির্ধারিত ভ্রমণ বাতিল করতে হচ্ছে এবং বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।
মন্তব্য করুন