রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং মলদোভায় বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ পরামর্শ দিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা বা প্রকাশিত কোনো কনটেন্ট যেন আইনি বা অন্য কোনো জটিলতার কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে প্রবাসীদের বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে।
বিশেষ করে ধর্মীয় অনুভূতি, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা বা অন্যান্য স্পর্শকাতর বিষয়ে যেকোনো কিছু প্রকাশ বা শেয়ার করার আগে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করে সত্যতা নিশ্চিত করা আবশ্যক। যেকোনো ধরনের হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ এসব কার্যকলাপ সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি হিসেবে গণ্য হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেকোনো কনটেন্ট যা সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে বলে মনে হতে পারে, তা থেকে সব প্রবাসীকে দূরে থাকতে হবে। বিদেশে বসবাসরত অবস্থায় স্থানীয় দেশের আইন-কানুন, সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দায়িত্বশীল আচরণ কেবল একজন ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা থেকে সুরক্ষিত রাখে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তিও সমুন্নত রাখে। তাই চার দেশে বসবাসরত সকল বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সংযত, সম্মানজনক এবং আইনসম্মতভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
মন্তব্য করুন