হিন্দুধর্মানুসারে দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার বার্তা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হওয়া ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ আজ। দ্বাপর যুগের এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে ভক্তরা উপবাস ব্রত পালন করে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও বিশেষ আরাধনায় অংশ নিচ্ছেন। জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দুধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি তার বাণীতে শ্রীকৃষ্ণকে পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজ সংস্কারক হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান বিশ্বের সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। কেউ যেন দেশের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সদা সজাগ থাকার তাগিদ দেন তিনি।
দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকাল ৮টায় ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন। এছাড়া আজ বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করা হবে, যা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে মূল শ্রীকৃষ্ণপূজা।
এদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে স্বামীবাগ মন্দিরে সকাল ৮টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। দিনভর কীর্তন মেলা, আলোচনা সভা, সন্ধ্যা আরতি, শ্রীকৃষ্ণলীলামৃত এবং রাতে মহাভিষেকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনেও গীতা পাঠ, ভজন, প্রসাদ বিতরণ, শ্রীকৃষ্ণপূজা এবং শ্রীশ্রী মহামায়ার কাঠামো পূজার মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে।
মন্তব্য করুন