পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ২০২৬ বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার কথা ভেবে রেখেছিলেন এই পর্তুগিজ মহাতারকা এবং ভক্তদের উদ্দেশ্যে একটি বিদায়ী চিঠিও প্রস্তুত করেছিলেন। তবে ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার নাটকীয় ঘটনার পর অবশেষে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় দলেই থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিআর সেভেন।
সম্প্রতি পর্তুগালের ক্যাম্প হঠাৎ ছেড়ে চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব নিয়ে বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো জানিয়েছিলেন, কোচের সংবাদ সম্মেলনের পর ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলেই তিনি ক্যাম্প ছাড়ছেন। প্রায় দুই হাজার শব্দের দীর্ঘ বিবৃতিতে তিনি পুরো ঘটনার পেছনের কারণ তুলে ধরে জানান, কোচ জর্জ জেসুস নরওয়ের ম্যাচে ৩০ মিনিট খেলানোর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি এবং সংবাদ সম্মেলনে তার আচরণ আগের গোপন বৈঠকের সঙ্গে মিলেনি।
তবে কোচের ওপর অভিমান থাকলেও নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রোনালদো বলেন, দলের অধিনায়ক হিসেবে হুট করে ক্যাম্প ছেড়ে চলে যাওয়া তার উচিত হয়নি এবং এর সম্পূর্ণ দায় তারই। তিনি আরও জানান, দলের শৃঙ্খলা বজায় রাখতে ফেডারেশনের পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়া উচিত। তবে ফেরার বিমানে পর্তুগিজ ফুটবল ফেডারেশন সভাপতির বিশেষ অনুরোধ এবং দেশের জার্সির প্রতি অটুট টানের কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
ভক্তদের দেওয়া বিদায়ী বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোনালদো পরিষ্কার করে জানিয়েছেন, জীবনের শিক্ষা থেকে তিনি জানেন কেউ কাউকে বিনা কারণে কিছু দেয় না। তাই সমর্থকদের জন্য এক বা একাধিক জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন যে উপযুক্ত সময়ে হবে, সে বিষয়ে তিনি আশাবাদী। আপাতত শাস্তির মেয়াদ শেষ হওয়া এবং শারীরিক ও ক্লাব ফুটবলে ফিট থাকার শর্ত সাপেক্ষে পর্তুগালের হয়ে মাঠে লড়াই করতে এবং দেশের জয়ে অবদান রাখতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
মন্তব্য করুন