যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে। তবে একই সময়ে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রপ্তানি স্থগিত হওয়ায় বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়ে বাজার বিশ্লেষক ও পর্যবেক্ষকরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে। এর পাশাপাশি মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়। এর আগে গত মঙ্গলবার ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই কার্যক্রম বন্ধ হওয়া এবং ইউরোপে তেল সরবরাহ কমানোর সৌদি সিদ্ধান্তের জেরে উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছিল।
মন্তব্য করুন