রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান এবং মার্কিন শান্তি দূতদের সফরকে সামনে রেখে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের রাশিয়া ও ইউক্রেন সফরের প্রাক্কালে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই প্রস্তাব দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শান্তিচুক্তির পথ খুঁজতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কো এবং আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভ সফর করবেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি মার্কিন দূতদের এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, কিয়েভে তাদের নিরাপদ যাতায়াত ও আলোচনা নির্বিঘ্ন করতে ইউক্রেন নিজেদের পক্ষ থেকে সব ধরনের বিমান হামলা বন্ধ রাখবে। এর বিনিময়ে তিনি রাশিয়াকেও সাময়িকভাবে আকাশপথে হামলা ও বোমা বর্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানান। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, তাদের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো আপস করা নয়, বরং দীর্ঘ এই যুদ্ধ বন্ধের একটি বাস্তবসম্মত পথ খুঁজে বের করা। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের মধ্যেই শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও ওডেসা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মার্কিন দূতদের এই কূটনৈতিক মিশনে মস্কো কী প্রতিক্রিয়া জানায়, এখন সেটিই দেখার বিষয়।
মন্তব্য করুন