আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্ধারিত হাজতখানা বা গারদখানায় এক আসামির জন্মদিন উপলক্ষে কেক কাটার অননুমোদিত ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় এই কেক কাটার ঘটনা ঘটে। নিয়মবহির্ভূতভাবে আসামিদের স্বজনরা ওই দিন অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানার ভেতরে প্রবেশ করেন এবং সেখানে এক আসামির জন্মদিন উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন আসামিকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, কেক কাটাসহ এ ধরনের অপ্রীতিকর ঘটনা ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হাজতখানার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আসামিদের অতিরিক্ত খাবার সরবরাহ এবং কেক কাটার এই ঘটনায় জড়িত ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন