নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আগামী রোববার (২৮ জুন) টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কেবল উল্লিখিত এলাকাই নয়, বরং এর আশেপাশে সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন