ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাসে পেট্রোল বোমা ও হলে হাতবোমা নিক্ষেপের প্রতিবাদে ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় নেতাকর্মীদের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে কড়া স্লোগান দিতে দেখা যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা ও আবাসিক হলে হাতবোমা নিক্ষেপের প্রতিবাদে ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের পৃথক স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন দুই সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঝালচত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল বের করে শাখা ছাত্রশিবির, যা প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসার পথে চানপুর বাজার এলাকায় ইবির একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। চালকের তাৎক্ষণিক তৎপরতায় কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও বাসে আগুন ধরে যাওয়ার উপক্রম হয়। এছাড়া মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে প্রাচীরের বাহির থেকে হাতবোমা নিক্ষেপ করা হলে প্রক্টরিয়াল বডি তা নিষ্ক্রিয় করে। পৃথক দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যাম্পাসে আয়োজিত এসব বিক্ষোভ মিছিলে ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’ সহ নানা প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরে নাশকতার চক্রান্ত করছে। দেশব্যাপী এ ধরনের কর্মকাণ্ডের জবাবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।
অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, শিক্ষার্থী বহনকারী গাড়িতে বোমা হামলা নিরাপত্তার চরম হুমকি। গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে লিপ্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটিয়ে অরাজকতা তৈরির অপচেষ্টা করা হলেও প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে কোনো ষড়যন্ত্রী সফল হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ক্লাস-পরীক্ষা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।