সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসাকেন্দ্রে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে প্রায় ১৩০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৮২ জন।
চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছেন আরও ১০৩ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জনে এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
এছাড়া হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন