অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে পূর্বের পদ অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) হিসেবেই বহাল রাখা হয়েছে।
অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সচিব পদে পদোন্নতির পরও তাকে বিসিআইসির চেয়ারম্যান (সচিব) পদেই বহাল রাখা হয়েছে। বিসিআইসিতে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রশাসনিক ক্যারিয়ারে মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কেন্দ্রীয় প্রশাসনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার পরিচয় দিয়েছেন।