সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আগামী আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চলতি সপ্তাহে আবারও তীব্র জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী ঢাকা। সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর তীব্র প্রভাবে সোমবার সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। বিশেষ করে সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট এই সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
টানা ও তীব্র এই বর্ষণের কারণে প্রধানত রাজধানী ঢাকা মহানগরীর বিভিন্ন নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নগরবাসীর যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে যাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
মন্তব্য করুন