ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রটি উৎসবের ৮৩তম আসরের সম্মানজনক ‘অরিজোন্তি’ (Horizons) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিসের মূল প্রতিযোগিতামূলক ধারায় অফিশিয়ালি জায়গা করে নিল সিনেমাটি।
গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া ১২ দিনব্যাপী এই উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে গত শনিবার সন্ধ্যায় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর রবিবার সালা দারসেনা থিয়েটারে এর দ্বিতীয় প্রদর্শনী হয়। শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার এবং বিয়েবাড়িকে কেন্দ্র করে আবর্তিত একটি ভীতিকর গল্পকে ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়েছে। প্রায় দুই দশকের ভাবনা ও ছোটবেলার স্মৃতির ওপর ভিত্তি করে ঢাকার প্রেক্ষাপটে এই গল্প ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবিটির অন্যতম প্রধান বিশেষত্ব হলো এর প্রায় সম্পূর্ণ নারীনির্ভর নির্মাণদল; যেখানে চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রোডাকশন ডিজাইনসহ গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগের নেতৃত্বে ছিলেন নারীরা।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল এবং অতিথি চরিত্রে আজমেরী হক বাঁধন ও দামীর খান অভিনয় করেছেন। ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিসের আন্তর্জাতিক প্রদর্শনী শেষে আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক পদচারণায় এই ঐতিহাসিক অর্জন দেশের সিনেমা অঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।
মন্তব্য করুন