দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ছয় সরকারি কর্মকর্তাকে প্রাপক করা হয়েছে।
নোটিশে বলা হয়, বর্তমানে দেশে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিম্নআয় ও নির্দিষ্ট আয়ের পরিবারের মানুষের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে শিশুদের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণও ব্যাহত হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।
মাংসের দাম কমাতে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল হিমায়িত বা শীতলীকৃত মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আমদানি শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে। নোটিশে তুলনামূলক সুবিধা তত্ত্বের উদাহরণ দিয়ে বলা হয়, যেসব দেশে কম খরচে গরুর মাংস উৎপাদন সম্ভব, সেসব দেশ থেকে আমদানির সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে এবং দাম কমতে পারে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে চারণভূমির সংকট, পশুখাদ্যের উচ্চমূল্য ও গবাদিপশু পালনের ব্যয় বেশি হওয়ায় মাংস উৎপাদন ব্যয়বহুল। সংবিধানের খাদ্য, পুষ্টি ও জীবনধারণের অধিকারসংক্রান্ত বিধান উল্লেখ করে সরকারকে ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন