রাজশাহীর তানোরে পলাশ আলী (৩৫) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত পলাশ আলী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। হামলার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কৃষ্ণপুর মোড়ে পৌঁছালে পূর্বপরিচিত কতিপয় ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে রশি দিয়ে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত নেতা ও পুলিশের দেওয়া তথ্যমতে, একটি এনজিওর মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই আরাফাতুল আলম, আফজাল হোসেন, আফসার আলী ও মোস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছেন।
রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলী জানান, পারিবারিক ও ব্যবসায়িক পূর্ববিরোধের জের ধরেই এই সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এনজিওর অংশীদারত্ব ও লেনদেন সংক্রান্ত একটি বিষয় নিয়ে এর আগেও তারা থানায় এসেছিলেন, যা তখন মীমাংসা হয়নি। সেই বিরোধের জেরে এই হামলা ঘটে থাকতে পারে। এ ঘটনায় শনিবার দিনের মধ্যেই লিখিত এজাহার দায়ের করা হবে বলে জেলা এনসিপির নেতারা জানিয়েছেন। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
মন্তব্য করুন