সারাদেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে নীতিনির্ধারণী 'কমিশন বৈঠক' ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার নির্বাচন ভবনে ইসির এই ১৩তম গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়াটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান যে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড় ১০টায় সভাটি শুরু হবে। সভায় সব নির্বাচন কমিশনার ছাড়াও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই সভার মূল আলোচ্য বিষয় হচ্ছে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ও কৌশল নির্ধারণ করা। বিশেষ করে দেশজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার সুনির্দিষ্ট রোডম্যাপ এবং প্রশাসনিক প্রস্তুত নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্বাচনসূচির পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কাজে গতিশীলতা ফেরানোর লক্ষ্যে কর্মকর্তাদের ক্ষমতায়ন ও ক্ষমতা বণ্টনের মতো গুরুত্বপূর্ণ আইনি বিষয়গুলো পর্যালোচনা করবে কমিশন।
এছাড়া নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রিন্টিং, প্রিন্টিং মেশিনসমূহের হালনাগাদ পরিস্থিতি, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, জমে থাকা কার্ড দ্রুত বিতরণ নিশ্চিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হতে পারে। পাশাপাশি এই বৈঠকে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমোদনসহ কমিশনের আনুষঙ্গিক নানা প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন