দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার এবং একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার এবং একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএর জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, যাতে ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে এবং অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া ও কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জরিপের তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির এ পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র, কারণ ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে এবং ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি