প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। আগামী ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের ত্যাগের স্মরণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।
এছাড়া ৫ আগস্ট পালিতব্য জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপ, শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম মেনে এবং উদ্দীপনার সঙ্গে দিবস দুটি পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন