জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে এবং তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হলেন রতন চৌধুরী। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গোপন নাশকতার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত রতন চৌধুরীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ