কুষ্টিয়া সদর উপজেলায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামের এক ছাত্রদল নেতাকে আটকের অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাঁকে ছিনিয়ে নিতে অনুসারীদের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ করেছেন স্থানীয়রা।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামের এক ছাত্রদল নেতাকে আটক করার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া আটক ওই নেতাকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার সময় তাঁর অনুসারীরা ফাঁকা গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব এবং তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। ঘটনার দিন সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয় লোকজন তাঁদের একটি ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং পিয়াসকে আটক করে মারধর করেন। স্থানীয়দের আরও অভিযোগ, অবরুদ্ধ পিয়াসকে উদ্ধার করতে তাঁর অনুসারী সন্ত্রাসীরা ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড গুলিবর্ষণ করে, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাঁকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
ভিন্ন কথা জানিয়েছেন ওই নারীর স্বামী অন্তর হোসেন। তিনি জানান, স্ত্রীর সঙ্গে পিয়াসের পরকীয়া সম্পর্কের সন্দেহ থাকলেও এতদিন কোনো প্রমাণ পাননি। বাড়ির পাশেই তাঁর দোকান রয়েছে। পিয়াস বাড়িতে ঢোকার পর তাঁর ভাতিজারা গেটে তালা লাগিয়ে খবর দিলে তিনি পেছন দিয়ে গিয়ে ঘর অন্ধকার অবস্থায় তাঁদের দেখতে পান। পরবর্তীতে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজী ডাকার ব্যবস্থা করা হলেও ছাত্রদল নেতা পিয়াসের অনুসারীরা এসে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান পিয়াস দাবি করেন, ওই নারী তাঁর এক বন্ধুর ছোট বোন এবং পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি সংঘবদ্ধভাবে মারধরের শিকার হয়েছেন এবং পরে কৌশলে পালিয়ে আসেন। গুলির শব্দ শোনার কথা স্বীকার করলেও তিনি দাবি করেন, গুলির সময় তিনি ঘরের ভেতরে ছিলেন এবং কে বা কারা গুলি করেছে তা তিনি জানেন না। তবে এই ঘটনার সঙ্গে জাসদ ও ছাত্রলীগের লোকজন জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা।
ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং খবরটি পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত ও খোঁজখবর নেওয়া হচ্ছে। গুলিবর্ষণের বিষয়ে ওসি বলেন, তাঁরাও বিষয়টি শুনেছেন এবং প্রাথমিক তথ্যে জানা গেছে যে জাসদ ও ছাত্রলীড়ের বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হতে পারে। বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।