দেশে সারের কোনো ধরনের সংকট নেই দাবি করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে বর্তমানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে ‘প্ল্যান ওয়াইজ’ বা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জানান, গত বছরের তুলনায় বর্তমানে সরকারের কাছে সারের মজুদ আরও বেশি রয়েছে এবং অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার মতো পর্যাপ্ত জায়গাও নেই। সরকার সম্প্রতি সার নিয়ে একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, এই নীতিমালার কারণে যারা নিজেদের স্বার্থে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন, তারাই মূলত বিভিন্ন জায়গায় কৃত্রিম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি করছেন। তবে এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরের কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী।
মন্তব্য করুন