স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো এই তারকা ফুটবলারকে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, রদ্রি হলেন মূলত ‘স্প্যানিশ ফুটবলের মেসি’।
স্পেনের কোচ হিসেবে রদ্রির সামর্থ্য ও ফুটবলীয় মেধার ওপর শতভাগ আস্থা রয়েছে দে লা ফুয়েন্তের। তাঁর বিশ্বাস, অসাধারণ দক্ষতা ও পারদর্শিতার কারণে যেকোনো দল কিংবা যেকোনো কঠিন পরিস্থিতির সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন রদ্রি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম ‘রেডিও মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো ধরনের সংশয় প্রকাশ করেননি তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘রদ্রি হলো স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য খুবই সহজ হবে। বর্তমানে নিজের পজিশনে সে বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার।’
শীর্ষ ইউরোপীয় ক্লাব ছেড়ে স্প্যানিশ ফুটবলারদের দেশের লিগে ফিরে আসার বিষয়টিকেও অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন জাতীয় দলের এই কোচ। তাঁর মতে, বিশ্বের সেরা এই প্রতিভাবান খেলোয়াড়রা যখন স্প্যানিশ ক্লাবগুলোর হয়ে মাঠে নামে, তখন লা লিগার প্রতিযোগিতামূলক মান ও বৈশ্বিক মর্যাদা বহুগুণ বেড়ে যায়। যেসব তারকা খেলোয়াড় এখনো দেশের বাইরে খেলছেন, তারাও যদি ভবিষ্যতে লা লিগায় ফিরে আসেন, তবে সেটি পুরো টুর্নামেন্টের জন্যই দারুণ এক প্রাপ্তি হবে বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গটিও সাবলীলভাবে উঠে আসে। আর্জেন্টিনার জার্সিতে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার ও অবদানের কথা স্মরণ করে তার প্রতি শুভকামনা জানিয়েছেন স্পেনের কোচ। দে লা ফুয়েন্তের মতে, ফুটবলের প্রতি ভালোবাসা, অসামান্য অর্জন এবং একজন লেজেন্ড হিসেবে মেসির অবদানকে প্রচলিত মাপকাঠিতে মূল্যায়ন করা কখনো সম্ভব নয়।
মন্তব্য করুন