ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার মূল উৎস হলো জনগণ এবং মন্ত্রী-নেতারা কেবল জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ অভিযানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা খালের দুই পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। স্থানীয় পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন