বিশ্বকাপ থেকে ফেরার পর ক্যাসিনো যাওয়া এবং সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে প্রকাশিত বিভিন্ন গুঞ্জনের জেরে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সোমবার ( ৩ আগস্ট) সন্ধ্যায় নিজের প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারের অভিযোগ তোলেন তিনি। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নেইমার জানান, গণমাধ্যমের একপেশে ও বানোয়াট খবরের কারণে ফুটবলাররা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ সব ফুটবলারকে মানসিকভাবে অসুস্থ করে তুলছে। ফুটবল সবচেয়ে পরিচিত পেশা হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি আক্রমণের শিকারও বটে, তাই খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি তা বলে দেওয়া সহজ হলেও পরবর্তীতে সেই খবর মিথ্যা প্রমাণিত হলে কেউ তার সংশোধন বা দায় নেয় না উল্লেখ করে তিনি আরও বলেন, এই ধরনের ভিত্তিহীন সংবাদ খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার ও ভক্তদেরও মারাত্মকভাবে প্রভাবিত করে। নিজের মানসিক শক্তি প্রবল থাকলেও সব খেলোয়াড়ের পরিস্থিতি এক নয় জানিয়ে নেইমার সকলের প্রতি কথায় ও আচরণে আরেকটু সংযত হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন