অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতের বেলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে সতর্ক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতের বেলা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক চলাচল শনাক্ত ও প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।
বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, রাতে সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানোয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে, যার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ বাড়ছে।
বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল, গোয়েন্দা নজরদারি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত রয়েছে এবং দিন কিংবা গভীর রাত সব সময়ই বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক পাহারা চলবে।