বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের বিস্তার ঘটেছে নানা প্রেক্ষাপটে। লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ আর্জেন্টিনাতেও ইসলামের পথচলা শতাব্দী প্রাচীন। অভিবাসন, সুফি সাধনা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্য দিয়ে দেশটির মুসলিম সমাজ আজ এক অনন্য পরিচয়ে বিকশিত হয়েছে।
আর্জেন্টিনায় ইসলামের ইতিহাস অনুসন্ধানে পঞ্চদশ শতাব্দীর স্প্যানিশ অভিযাত্রীদের যুগে ফিরে যেতে হয়। সেই সময় ‘মুরিশ-মরিস্কো’ মুসলিমরা স্প্যানিশদের সঙ্গে এই অঞ্চলে আসেন। ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে উত্তর আফ্রিকান ও স্প্যানিশ বংশোদ্ভূত এই মুসলিমরা নতুন ভূখণ্ডে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে সিরিয়া ও লেবানন থেকে বিপুলসংখ্যক আরব অভিবাসী আর্জেন্টিনায় আগমন করলে দেশটির মুসলিম সমাজ নতুন রূপ লাভ করে।
আশির দশকের পর থেকে আর্জেন্টিনায় ইসলামের প্রাতিষ্ঠানিক বিকাশে বৈপ্লবিক পরিবর্তন আসে:
প্রথম মসজিদ: ১৯৮৩ সালে বুয়েনস আইরেসে শিয়া মুসলিমদের ‘আত-তাওহিদ’ মসজিদ এবং ১৯৮৫ সালে সুন্নিদের ‘আল-আহমদ’ মসজিদ নির্মিত হয়।
সাংস্কৃতিক কেন্দ্র: ১৯৯৬ সালে নির্মিত ‘কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার’ বর্তমানে দক্ষিণ আমেরিকার বৃহত্তম ইসলামিক কমপ্লেক্স হিসেবে স্বীকৃত। এতে মসজিদ, লাইব্রেরি ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আর্জেন্টিনার মোট জনসংখ্যার প্রায় ১ দশমিক ৯ শতাংশ মুসলিম হলেও বর্তমানে ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে: ১. সাংস্কৃতিক বিচ্ছিন্নতা: ভাষাগত পার্থক্যের কারণে তরুণ প্রজন্ম আরবি ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। স্প্যানিশ ভাষায় মানসম্মত ইসলামিক সাহিত্য ও গবেষণার সীমাবদ্ধতা ধর্মীয় শিক্ষার পথে একটি বড় বাধা। ২. পরিচয় সংকট: মিশ্র পরিবারগুলোতে ইসলামী সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে, ফলে নতুন প্রজন্মের অনেকেরই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ কমছে। ৩. তথ্য সংকট: স্প্যানিশ গণমাধ্যমে ইসলাম সম্পর্কে সঠিক ও ইতিবাচক তথ্যের অভাব তরুণদের প্রকৃত ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত করছে।
আর্জেন্টিনার মুসলিম সমাজ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মুরিশ-মরিস্কো মুসলিমদের ত্যাগ থেকে শুরু করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ—সবই এই সম্প্রদায়ের টিকে থাকার সংগ্রামেরই অংশ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন তরুণ প্রজন্মের জন্য স্প্যানিশ ভাষায় আরও অধিক মানসম্মত ইসলামিক রিসোর্স তৈরি করা এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে তাদের সেতুবন্ধন স্থাপন করা। ইতিহাসের এই সমৃদ্ধ ধারা বজায় রেখে ইসলামের মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই আর্জেন্টিনার মুসলিম সমাজ ভবিষ্যতের পথে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে সক্ষম হবে।
মন্তব্য করুন