যুক্তরাজ্য সফররত হাসনাত আবদুল্লাহ এবং তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে লন্ডনের একটি থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ইতিমধ্যেই জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এই মামলাকে পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকদের একটি নতুন নাটক এবং যুক্তরাজ্যের পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা বলে অভিহিত করেছে।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এবার তারা হাসনাত আবদুল্লাহসহ অন্য আসামিদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ মনগড়া অভিযোগ এনে থানায় এই মামলা করেছে। এনসিপি ইউকে স্পষ্ট জানিয়েছে যে, অতীতেও আওয়ামী লীগ প্রবাসে হাসনাত আবদুল্লাহর কার্যক্রম ব্যাহত করতে ব্যর্থ হয়েছে এবং এবারও তাদের এই চক্রান্ত সফল হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে, সেজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, অক্সফোর্ড ইউনিয়নে তাঁর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে বারবার চেষ্টা করা হলেও প্রতিবারই প্রতিপক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে।
মন্তব্য করুন