গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের পরই নেতাকর্মীদের সুসজ্জিত গাড়িবহর চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশে রওনা দেয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, লং মার্চের এই বহরটি ঢাকার পর নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজ ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে পথসভা করবে এবং সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে এই লং মার্চ কর্মসূচি সমাপ্ত হবে।
মন্তব্য করুন