২০২০ সালে আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার ঘটনায় উত্তর কোরিয়াকে প্রায় ৩ কোটি ২৫ লাখ মার্কিন ডলার সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের একটি আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিউল সেন্ট্রাল জেলা আদালতের মুখপাত্র জানিয়েছেন, আদালত রায় দিয়েছেন যে উত্তর কোরিয়া সরকারকে ক্ষতিপূরণ বাবদ ৪৪ দশমিক ৬ বিলিয়ন ওন পরিশোধ করতে হবে। আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় ধ্বংসের এই ঘটনায় দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে সরাসরি উত্তর কোরিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করার এটিই প্রথম ঘটনা।
সীমান্তবর্তী কেয়েসং শিল্পাঞ্চলের পরিত্যক্ত এলাকায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নির্মিত এই কার্যালয়টি ২০১৮ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের জুনে সীমান্তে উত্তর কোরিয়াবিরোধী প্রচারপত্র পাঠানোর জেরে উত্তেজনা বাড়লে পিয়ংইয়ং কার্যালয়টিকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তা উড়িয়ে দেয়। তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সরকারের আমলে ২০২৩ সালে এই ক্ষতিপূরণের মামলাটি দায়ের করা হয়েছিল। দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদালতের এই রায়ের পর তারা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপগুলো পর্যালোচনা করে দেখবে, যদিও বিশেষজ্ঞরা মনে করছেন পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বাস্তবে এই ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
মন্তব্য করুন