যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী ‘জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেড’-এর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীসহ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহাঙ্গীর আলম আদালতে এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত তৌহিদুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী সাইদা মুনা তাসনিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে ওই অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করা হয়, যা বর্তমানে দুদকের একটি বিশেষ অনুসন্ধান দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানের এই পর্যায়ে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা গোপনে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশগমন অবিলম্বে রহিত করার জন্য আদালতে আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন।
আদালতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত চার সদস্য হলেন তৌহিদুল ইসলাম চৌধুরী, তার স্ত্রী ও সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তাদের দুই সন্তান আলাতী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ঋণের নামে এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচারের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন