দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো ধরনের শর্ত বা চাপ নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নানা আলোচনার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা এই স্পষ্টীকরণ দেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর ও বিভিন্ন চুক্তি সংক্রান্ত বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর আসন্ন নিউইয়র্ক সফরে মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি থেকে বিমান কেনার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এই সফরে বোয়িং কোম্পানির শীর্ষকর্তাদের সঙ্গে কোনো সুনির্দিষ্ট বৈঠক বা নিশ্চিত কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে দাপ্তরিকভাবে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘বোয়িং কেনার বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ বোয়িং কিনবে এটি একটি ওপেন বা প্রকাশিত তথ্য। সুতরাং, এই সফর বা এর আশেপাশে চুক্তি হতেও পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে আমাদের কাছে ঠিক এতটুকুই তথ্য রয়েছে, এর বাইরে বাড়তি কোনো তথ্য আমার জানা নেই।’
মন্তব্য করুন