দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থানরত বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি এখন কেবল একটি মানবিক সমস্যাতেই সীমাবদ্ধ নেই, বরং এটি সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘ইন্সটিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন’-এর উদ্যোগে রোহিঙ্গা সংকট ও এর সম্ভাব্য সমাধান নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরেরও বেশি সময় অতিক্রান্ত হতে চলেছে এবং বর্তমান পরিস্থিতিতে কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ নেই। রাখাইন প্রদেশে নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি করে দ্রুততম সময়ের মধ্যে এই মানুষদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে, যার জন্য নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক কৌশল পুনর্নির্ধারণ (রি-ফ্রেমিং) অত্যন্ত জরুরি।
বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের জোরালো ও অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা ইস্যুটি যেন কোনোভাবেই চাপা না পড়ে, সে বিষয়ে জাতিসংঘসহ প্রভাবশালী রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলের রাডারে আরও জোরালোভাবে তুলে ধরে এই সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন