প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জাপানি বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জাপানের বিশেষ দূত জানান, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। তিনি রোহিঙ্গা সংকট যে বাংলাদেশের অর্থনীতি ও সমাজব্যবস্থার ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে, সে বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন এবং রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের মানবিক সহযোগিতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘকাল ধরে আশ্রয় দেওয়ায় দেশের অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তাই রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ দূত জানান যে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণেই মূলত প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিতে কিছুটা সময় লাগছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসন এবং জীবনযাত্রার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে কেবল দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জাপানি বিনিয়োগ আকর্ষণসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মন্তব্য করুন